রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ রফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে—রফিকুল খিলক্ষেত থানা ছাত্রলীগের সভাপতি।
শনিবার দুপুর দেড়টার দিকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা রফিকুল ইসলামকে আটক করে খিলক্ষেত থানা পুলিশে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরায় আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে দলীয় নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়ায়ি ছিলেন। এ সময় রফিকুল ইসলাম তার আগ্নেয়াস্ত্রটি নিয়ে সেখানে উপস্থিত থাকায় গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আটক করেন।
খিলক্ষেত থানার ওসি শহীদুল হক বলেন, ‘রফিকুল ইসলামকে একটি পিস্তলসহ একটি গোয়েন্দা সংস্থা আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের পর সে তার অস্ত্রের লাইসেন্সের কাগজপত্র দেখায়। তার অস্ত্রের লাইসেন্স নম্বর ৫৯/১৩ (ঢাকা জেলা)। এ পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’
