ইতালিয়ান কোচ এন্তোনিও কন্তের বিবেচনায় ইউরো ২০১৬ বাছাইপর্বের দলে জায়গা হয়নি এসি মিলানের তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লির। এর আগে নাপোলির বিপক্ষে এসি মিলানের ম্যাচের একাদশেও ছিলেন না এই স্ট্রাইকার।
আজারবাইজানের বিপক্ষে এ্যাওয়ে ও নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য কন্তে ২৭ সদস্যের ইতালিয়ান স্কোয়াড ঘোষণা করেছেন।
শুধুমাত্র জাতীয় দলে নিজের ক্যারিয়ার দীর্ঘ করার প্রয়াসে লিভারপুল থেকে ধারে এবারের গ্রীষ্মে সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন এসি মিলানে ফিরে এসেছিলেন বালোতেল্লি। কিন্তু এবারের মৌসুমে মিলানের হয়ে মাত্র দুটি ম্যাচে মূল একাদশে জায়গা পেয়েছিলেন। দুই সপ্তাহ আগে উদিনেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে তিনি প্রথম গোল করেন। পেশীর সামান্য ইনজুরির কারণে তিনি চলতি সপ্তাহে মিলানের হয়ে অনুশীলনে যোগ দেননি। এ কারনেই রোববার ঘরের মাঠে নাপোলির বিপক্ষে সিরি-আ’র ম্যাচে কোচ সিনিসা মিহালোভিচের বিবেচনায় তিনি দলে জায়গা পাননি।
এদিকে ইতালিয়ান কোচ কন্টে প্রথমবারের মত আজ্জুরিদের দলে ডেকেছেন ২১ বছর বয়সী সাসোলোর স্ট্রাইকার ডোমেনিকো বেরারডিকে। এছাড়া মধ্যমাঠে সম্প্রতী ইনজুরির তালিকাটা লম্বা হওয়ায় মিলানের মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভোকে আবারো জাতীয় দলে ফিরিয়ে এনেছেন। বুলগেরিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রোমার মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসিকে পাচ্ছে না ইতালি।
২০১২ সালের ইউরো রানার্স-আপ ইতালি বিশ্বকাপের গত দুটি আসরে প্রথম পর্বের বাঁধা পেরুতে পারেনি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে পুরো দলের বাজে পারফরমেন্সে বালোতেল্লি হয়েছিলেন বলির পাঁঠা। আট ম্যাচে পাঁচটিতে জয়সহ ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-এইচ এর শীর্ষে অবস্থান করছেন ইতালি। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। আর ১৫ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়ার অবস্থান তৃতীয়। আগামী ১০ অক্টোবর বকুতে আজারবাইজানের বিপক্ষে জয় পেলেই কন্টের দলের ফ্রান্সের টিকেট নিশ্চিত হয়ে যাবে। তিনদিন পরে রোমের স্তাদিও অলিম্পিকোতে বাছাইপর্বের শেষ ম্যাচে নরওয়েকে আতিথেয়তা দিবে আজ্জুরিরা।
স্কোয়াড :
গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন, ড্যানিয়েল পাডেলি, সালভাতোর সিরিগু।
ডিফেন্ডার : ডেভিড আস্তোরি, আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বনুচ্চি, গিওর্গি চিয়েলিনি, মাত্তেও ডার্মেই, মাত্তিয়া ডি সিগলিও, আলেসান্দ্রো ফ্লোরেনজি, আন্দ্রে রানোচ্চিয়া, ডেভিড সান্টোন।
মিডফিল্ডার : আন্দ্রে বারতোলাচ্চি, রিকার্ডো মন্টোলিভো, মার্কো পারোলো, আন্দ্রে পিরলো, রবার্তো সোরিয়ানো, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড : ডোমেনিকো বেরারডি, এন্টোনিও কানড্রেভা, এডার, স্টিফেন এল সারাভি, সেবাস্টিন গিওভিনকো, লোরেনজো ইনসিগনে, গ্রানজিয়ানো পেলে, ফাবিও কুয়াগলিয়ারেলা, সিমোনে জাজা। বাসস
