ধর্ষিত এক মাদরাসা ছাত্রীকে নাটোর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার ভোর রাতে তাকে উদ্ধার করা হয়। ওই কিশোরী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
নাটোরের সিভিল সার্জন ফেরদৌস নিলুফার ও কিশোরীর বাবা জানায়, শনিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকার ওই ছাত্রী তার নিজ বাড়ি থেকে ছোট বোনের সঙ্গে বের হয়ে নওগাঁর আত্রাই বড় বোনের বাড়িতে যাচ্ছিল। পথে কয়েকজন বখাটে যুবক ওই দুই কিশোরীকে জোর করে নাটোরের সিংড়ার নির্জন স্থানে তুলে নিয়ে যায়। সেখানে ছোট বোনকে আটকে রেখে ওই বখাটেরা ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে তারা দুই বোনকে নাটোর রেল স্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করায়।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
