মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পূর্বঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার জন্য দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
IMG0
এর পর বেলা আড়াইটার দিকে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হওয়া হন।
গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই প্রশ্ন ফাঁসের অভিযোগে তুলে পুনঃভর্তি ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
