সিলেটের পারইচকে পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে বিভাগীয় শহরটির রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটির ৪টি চাকা সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রেল যোগাযোগ পুনরায় চালু করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন রাত ১২ টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়ায় আটকে রয়েছে। এদিকে সিলেট থেকে ৮ টা ২০ মিনিটে সুরমা মেইল ছেড়ে যেতে পারেনি। একই কারণে রাত ১০ টায় সিলেট থেকে উপবন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে সব মিলিয়ে প্রায় ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
সূত্র জানায় পাহাড়িকা এক্সপ্রেস রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে লাইনচ্যুত হয়। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান পাহাড়িকা এক্সপ্রেসের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। সিলেট রেলওয়ে ষ্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই দুর্ঘটনায় পাহাড়িকার যাত্রীরা রিক্সা,অটো রিক্সা ও প্রাইভেট গাড়ীতে যে যার গন্তব্যে চলে যান।
তবে কুলাউড়ায় আটকে পড়া জয়ন্তিকার যাত্রীরা পড়েছেন বিপাকে। তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
