স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাস্তায় বসে দাবি আদায় করা যাবে না। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আন্দোলন এখন ফ্যাশনে পরিণত হয়েছে। কথায় কথায় সবাই রাস্তায় নেমে যায়। এসব আন্দোলনের কোনো ভিত্তি নেই। আগামী বছর থেকে আইন করে মেডিক্যাল কোচিং বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি। একটি বিশেষ মহলের ইন্ধনে শিক্ষার্থী আন্দোলনে নেমেছে। ফলাফল প্রকাশের পর এটা যুক্তিযুক্ত না। হাইকোর্টেও এই সংক্রান্ত ৩টি রিট খারিজ করে দিয়েছে। মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। এ ভর্তি পরীক্ষার ফল বহাল থাকবে। বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করেছে। প্রশ্ন ফাঁসের যে গুজব বা অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি। আমি নিজেও ইনকোয়ারি করেছি। প্রমাণ পেয়েছি যে, প্রশ্ন ফাঁস হয়নি। পরীক্ষা বাতিলের আন্দোলনের সঙ্গে সুশীল সমাজের যেসব শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তি একাত্মতা প্রকাশ করেছেন, তাদের নিজ কার্যালয়ে আসার আমন্ত্রণ জানান তিনি। তার কার্যালয়ে এসে এক কাপ চা খেয়ে তার সঙ্গে কথা বলার অনুরোধ জানান।
তিনি বলেন, মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেই গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে।
এসময় সংবাদ মাধ্যমে প্রকাশিত কয়েকটি খবর পড়ে শুনিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সবাই শোনা কথায় অভিযোগ করছেন। চিলে কান নেয়ার মতো অবস্থা। কোনো প্রমাণ নেই প্রশ্ন ফাঁসের। সবাই হাওয়ার উপরে কথা বলছেন। ‘অমুকের মুখে শুনেছি’ ধরনের কথা। এছাড়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়। ১৩ জন এর সঙ্গে সংশ্লিষ্ট। প্রশ্ন তৈরির সময় থেকে শুরু করে পরীক্ষা হওয়া পর্যন্ত তারা বাইরের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না। তাদের উপর গোয়েন্দা নজরদারি থাকে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
