লাইসেন্স, প্রয়োজনীয় চিকিৎসক ও সেবিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে নওগাঁর চারটি উপজেলার ১০টি বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ধ ঘোষিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারগুলো হলো, জেলা শহরের আহসান জেনারেল ক্লিনিক, জায়েদা ক্লিনিক, জমজম ক্লিনিক, যমুনা ক্লিনিক, নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ে অবস্থিত আল আমিন ক্লিনিক, ধানসুরা মোড়ে অবস্থিত হক ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, বদলগাছী উপজেলার জাহানারা ক্লিনিক, মান্দা উপজেলার মা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, মহাদেবপুর উপজেলার লিমা ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার ও ঘোষ ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার।
এসব ক্লিনিক বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।
সিভিল সার্জন একেএম মোজাহের হোসেন বলেন, ‘বন্ধ ঘোষিত ক্লিনিকগুলোর পরিচালক ও মালিকরা নিয়মনীতির আওতায় আসতে চাইলে তাদেরকে আবার বিবেচনায় আনা যেতে পারে। নিয়মনীতির বাইরে কোনো ক্লিনিক পরিচালনা করতে দেওয়া যাবে না।’
