‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের যৌক্তিকতা নেই’

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২০:০৬
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি হচ্ছে পৃথক পে-স্কেল ঘোষণা। তাঁদের এ দাবির কথা মাথায় রেখে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে তাঁদের বিষয়টি বিবেচনা করা হবে। তাই শিক্ষকদের ক্ষুব্ধ বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এতে তাঁদের ক্লাস-পরীক্ষা বর্জন করার কোনো যৌক্তিকতা দেখছি না।’
 
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক ‘টেকসই সমাজ গঠন, শিক্ষকদের ক্ষমতায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস-২০১৫ জাতীয় উদযাপন কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
 
শিক্ষক-কর্মচারী জাতীয় ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যাপক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন-এর সহ-সভাপতি রাশেদা কে. চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউনেস্কো বাংলাদেশের অফিসার-ইন-চার্জ কিচি ওয়্যায়েসু প্রমুখ। অনুষ্ঠানে দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েট ভিসি অধ্যাপক ড. খালেদা ইকরাম, আন্তর্জাতিক পরিবেশবিদ অধ্যাপক ড. আতিক রহমান, আইএলও কনসালটেন্ট আব্দুর রফিক, শিক্ষাবীদ প্রিন্সিপাল ইবরাহীম খাঁসহ মোট আটজন বিশিষ্ট শিক্ষাবিদকে বিশ্ব শিক্ষক দিবস এ্যাওয়ার্ড- ২০১৫ প্রদান করা হয়।
 

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান-মর্যাদা রয়েছে সেটি যাতে রক্ষা হয় সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। আশা করি তারা সেটি উপলব্ধি করতে পারবেন। সরকার যেমন বিবেচনা করার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন, তেমনি শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যাবেন।’