আমরা সবাই স্বাধীন

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:১৭

শেখ সালাহউদ্দীন

 

মানি না তো রোড সাইন বা ট্রাফিক আইন টাইন 

যতই করেন নিষেধ বারণ আরোপ করেন ফাইন

আমার কাছে লাইসেন্স পারমিট ফিটনেসের নাই বালাই

এসব ছাড়াই দিব্বি আমি বাস ট্রাক টেম্পো চালাই।

 

ইঞ্জিনেই চলে গাড়ি চালায় সেটা ড্রাইভার

ফিটনেস পারমিট গাড়ির জন্য বলেন তো কী দরকার?  

বয়স কিছু কম বলে কয় লোকে আমায় বালক

বলতে পারেন বড়দের চে’ আমায় খারাপ চালক? 

 

হেলমেট ছাড়া এই শহরে চালাই মোটর বাইক

ট্রাফিক আইন আমি ভাই রে করি না তো লাইক।

জ্যামটা দেখে সুযোগ বুঝে যাই উঠে ফুটপাতে  

অন্যের কষ্ট? বলুন আমার কী আসে যায় তাতে? 

 

ফুটপাথ দখল করে আমি করি দোকানদারি 

আমি কি আর আইনের ধার ধারি!

চামড়ার মানিব্যাগটা বেচি এক শ টাকা দরে 

ম্যানেজ করি সবকিছু তাই কে-ই বা আমায় ধরে! 

 

আসল কথা আমরা সবাই পুরোপুরি স্বাধীন

নিজ খুশিতে চলছি আহা! তাক ধিনা ধিন না ধিন!

সুযোগ পেলেই অন্যের দিকে ঠিকই আঙুল তুলি 

কিন্তু নিজে আইনটাকে দেখাই বৃদ্ধাঙ্গুলি।