কোচ হোসে মরিনহোর অধীনে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির এবারের মৌসুমের শুরুটা মোটেই সুখকর হয়নি। হতাশাজনক এই পারফরমেন্সের পরেও ক্লাবের পক্ষ থেকে দ্য স্পেশাল ওয়ানকে পূর্ণ সমর্থন দেবার ঘোষনাই দিয়েছে ব্লুজরা।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ক্লাবের পক্ষ থেকে একটি বিষয় স্পষ্টভাবে জানানো হচ্ছে যে মরিনহোর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মরিনহো নিজে যেমন বলেছেন সবসময় ফলাফলই যথেষ্ট নয় এবং দল অবশ্যই তার পারফরমেন্সের ধারায় ফিরে আসবে, আমরাও সেটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এবারের মৌসুমের ঘুড়ে দাঁড়ানোর জন্য আমাদের হাতে সঠিক ম্যানেজারই রয়েছে এবং তার হাতেও যোগ্য খেলোয়াড়রাই রয়েছে।
এবারের লিগের প্রথম আট ম্যাচের চারটিতে পরাজিত ও মাত্র দুটিতে জয়ী হয়ে লীগ টেবিলের রেলিগেশন জোন থেকে মাত্র দুই ধাপ উপরে রয়েছে চেলসি। ঘরের মাঠে শনিবার সর্বশেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে ব্লুজরা। এই ম্যাচের পরপরই ক্লাবে তার থাকা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়। মরিনহো অবশ্য খোলামেলাই জানিয়েছেন এখানে বরখাস্তের কোন ঝুঁকি নেই। এমনকি নিজে থেকেও ক্লাব ছেড়ে যাবার কোন ইচ্ছা তার নেই।
৫২ বছর বয়সী মরিনহো দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালে চেলসির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে তার অধীনে লন্ডনের ক্লাবটি দুইবার প্রিমিয়ার লীগ শিরোপা, দুটি লীগ কাপ ও একটি এফএ কাপের শিরোপা জয় করেছিল। গত মৌসুমে তারই পরিকল্পনায় চেলসি প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয় করে। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজেদের ফিরে পেতে বেগ পেতে হচ্ছে চেলসিকে।
প্রথম ম্যানেজার হিসেবে এবারের মৌসুমে ব্রেন্ডন রজার্সকে লিভারপুল বরখাস্ত ও সান্ডারল্যান্ডের কোচের পদ থেকে নিজে থেকে ডিক এ্যাডভোকাট সড়ে দাঁড়ানোর একদিন পরেই চেলসির পক্ষ থেকে মরিনহোকে সমর্থন জানিয়ে এই বিবৃতি দেয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বিবিসি
