মাহবুব শরীফ
‘বাংলাদেশে আইসিটি চাকরি বাজারের ওপর জরিপ-২০১৮’ শীর্ষক এক গবেষণা ফলাফল প্রকাশনা অনুষ্ঠাুন সম্প্রতি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)তে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিআইইউ-এর এই জরিপ একটি সময়োপযোগী উদ্যোগ। কারণ, বিগত দশ বছরে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে প্রভুত উন্নতি হলেও এই খাতে চাকরির বাজার কেমন সে বিষয়ে কোনো পূর্ণাঙ্গ জরিপ হয়নি। সুতরাং এই জরিপ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’
পলক আরো বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতে ২ মিলিয়ন নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করেছে। এছাড়া সারাদেশে ২৮টি হাইটেক পার্ক তৈরি করা, তথ্য প্রযুক্ত খাতে নারী উদ্যোক্তা তৈরি করা, ইন্ডাস্ট্রি-একাডেমি সেতুবন্ধ তৈরি করাসহ নানা পরিকল্পনা রয়েছে সরকারের।’ এসব পরিকল্পনা বাস্তবায়নে এই জরিপের ফলাফল সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।
খুব শীঘ্রই সরকার ভার্চুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে এবং এর সুফল বাস্তবায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ‘এই জরিপটি বাংলাদেশের আইসিটি খাতের চাকরির বাজার বুঝতে যেমন বিশ্ববিদ্যালয়কে সহায়তা করবে তেমনি সরকারের নীতি নির্ধারণেও সহায়ক হবে।’ জরিপটি শুভ সূচনামাত্র, ভবিষ্যতে আরও বৃহত্ পরিসরে জরিপ পরিচালনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বদা সচেষ্ট। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সবসময় চেষ্টা করে আন্তর্জাতিক মান ও চাকরির বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের কোর্স কারিকুলাম তৈরি করার। খুব শিগগিরই প্রকৌশল শিক্ষার্থীদের কোর্সের সঙ্গে রোবটিক এডুকেশন যোগ করা হবে।’
এই জরিপ পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশের ৩৮৪টি সরকারি ও বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান, সফটওয়্যার প্রতিষ্ঠান, আইসিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ২০১৮ সালের তথ্য সংগ্রহ করেছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জরিপের ফলাফল প্রস্তুত করেছে। জরিপের ফলাফল বাংলাদেশের আইসিটি বাজারের বর্তমান চিত্র বুঝতে চাকরিদাতা প্রতিষ্ঠান এবং চাকরি প্রত্যাশীদেরকে বিশেষভাবে উপকৃত করবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে দূরত্ব ঘোচানোর পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সহায়তা করবে বলে বলেও আশা করা যায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক সুশান অমাত্। ডিআইইউ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান।
