বিদেশি নাগরিক হত্যা ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার বেলা তিনটায় এই ব্রিফিং শুরু হয়েছে।
ব্রিফিংয়ে যাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, দেশে অবস্থানরত প্রায় দুই লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের বাসস্থান ও কর্মস্থল চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
মন্ত্রী জানান, ঢাকার গুলশানে কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘তাদের যাতায়াতের পথ, বিনোদনের স্থান ও সামাজিক যোগাযোগের অবস্থানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি।’
২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। এর পাঁচ দিনের মাথায় রংপুরে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।
