কুমিল্লায় দোকানের জন্য মালামাল কিনতে যাওয়ার পথে লাকসামের ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি লাকসাম সদরের চাঁনমিয়া টাওয়ারের বেইজমেন্টে তিথি টেলিকমের মালিক।
মঙ্গলবার সকালে অপহরণকারীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েছে বলে পরিবার জানায়।
এর আগে এ ঘটনায় সোমবার কুমিল্লা কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরিবার জানায়, রবিবার সকাল ১১টায় দোকানের মালামাল কিনতে কুমিল্লা যায় প্রদীপ চক্রবর্তী। ওইদিন বিকেল সাড়ে চারটায় তার স্ত্রী যুথীরানী চক্রবর্তী ফোন করলে মালামাল কিনে তিনি লাকসামে ফিরছেন বলে জানান। সর্বশেষ রাত সাড়ে নয়টায় দোকানের কর্মচারী কামরুল ইসলামকে ফোন করে দোকানের খোঁজ খবর নেন। এর পর থেকে তার সব মোবাইল বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যরা আশঙ্কা করছিলেন তিনি অপহৃত হয়েছেন।
এদিকে, জিডি তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার এসআই সামছুদ্দিন চৌধুরী জানান, মোবাইলের কললিস্ট ধরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
