ভাঙ্গায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৮:২৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ২০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
 
মঙ্গলবার পৌরসদরের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দেশীয় অস্ত্রসহ চার গ্রামবাসীকে আটক করা হয়। আটকরা হলেন, নুর মোহাম্মদ, আনোয়ার ফকির, দেলোয়ার ফকির ও মো. মানিক।
 
বিকালে  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পুরবী গোলদার আটকদের এক বছরের কারাদণ্ড প্রদান করেন। আহত আব্দুল আউয়াল, আব্দুল আলিম, সাইদুল ইসলাম, জুয়েল মাতুব্বর, ইলিয়াচ মাতুব্বর, ইমরান মাতুব্বর ও শহর আলী মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাকিম ফকির ও বাচ্চু মেম্বারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন সকালে নওপাড়া বাজারে হাকিম ফকিরের ছেলে রাজ্জাক ফকির ও বাচ্চু মেম্বারের ভাই নুর মোহাম্মদের লোকজন বাক্বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এরই জেরে দুপুরে দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।