‘হলে গিয়ে দর্শকদের সাথে সিনেমাটি দেখবো’

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:৩৬

g বিনোদন রিপোর্ট

 

ঢাকার প্রেক্ষাগৃহে প্রথমবার যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আবারো কলকাতার এই নায়িকাকে দেখা গেল। তবে এবার কোনো যৌথ প্রযোজনার সিনেমা নয়। বাংলাদেশের একক প্রযোজনার সিনেমা ‘যদি একদিন’ মুক্তি পেয়েছে গতকাল। এই সিনেমায় তাহসান খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দায় দীর্ঘদিন অভিনয় করলেও সিনেমায় এই প্রথম দেখা গেল তাহসানকে। মাঝে একটি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও সেই যাত্রাটাও মাঝপথে থেমে যায়। শেষ পর্যন্ত মুস্তাফা কামাল রাজের এই ছবিতে অভিনয় করলেন তিনি।

‘যদি একদিন’ মুক্তির কিছুদিন আগে থেকেই প্রচারণা শুরু করে সিনেমা টিম। যেখানে তাহসান থাকলেও দেখা যায়নি শ্রাবন্তীকে। জানা যায়, ভিসা জটিলতার কারণে আসতে পারেননি তিনি। তবে গতকাল ঢাকায় পৌঁছান শ্রাবন্তী। ঢাকায় এসে আরটিভির নারী দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এছাড়াও ছবিটির পরবর্তী প্রচারণায় দেখা যাবে তাকে। শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশে ছবি মুক্তি দারুণ এক অনুভূতি। হলে গিয়ে দর্শকদের সাথে সিনেমাটি দেখবো। এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। একটি সিনেমা দিয়ে দর্শকদের কাছে যেতে পারা অনেক ভালোলাগার বিষয়।’