লিবিয়া উপকূলে ১শ’ শরণার্থীর মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ০১:১২

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ভূম্যধসাগরের লিবিয়া উপকূলে প্রায় ১শ’ শরণার্থীর মৃত্যৃ হয়েছে। গত রবিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব শরণার্থী মারা যায়। লিবিয়ার রেড ক্রিসেন্টের উদ্ধৃতি দিয়ে গতকাল সংস্থাটি এ তথ্য জানায়। এদিকে ভূমধ্যসাগরে সোমবার ১ হাজার ৮শ’র বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স ও এএফপি’র

 
আইওএম এক বিবৃতিতে জানায়, একটি স্থানে ৮৫টি মৃতদেহ এবং অন্য একটি স্থানে ১০টি মৃতদেহ পাওয়া গেছে। লিবিয়া উপকূলের অদূরে ভূমধ্যসাগরে ভাসমান ছয়টি নৌযান থেকে সোমবার এক হাজার ৮শ’র বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্টগার্ড বলেছে, চারটি জীর্ণ নৌকা ও দুটি রাবারের ডিঙ্গি থেকে মোট ১ হাজার ৮৩০ শরণার্থীকে উদ্ধার করে তীরে আনা হয়েছে। উদ্ধার অভিযানে ইতালির তিনটি নৌযান এবং ব্রিটেন ও আয়ারল্যান্ডের একটি করে জাহাজ অংশ নেয়।
 

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, চলতি বছর চলতি বছর সাগর পথে ৫ লাখ ৫৭ হাজার ৮৯৯ জন শরণার্থী ইউরোপে পৌছেছে। ইউরোপের উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় দুই হাজার ৯৮৭ জন প্রাণ হারিয়েছে। লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেয়া বেশিরভাগ শরণার্থী আফ্রিকার নাগরিক। মধ্যপ্রাচ্য ও এশিয়ায় সংঘাত ও দুর্দশার কারণে পালিয়ে আসা শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দেয়ার জন্য মূলত তুরস্ককে প্রধান রুট হিসেবে ব্যবহার করছে।