দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘খলনায়ক’। মধ্যবিত্ত পরিবারের সন্তান রুমী ধনীর মেয়ে মেঘকে ভালোবেসে দ্রুত বড়লোক হওয়ার আশায় পা রাখে অন্ধকার জগতে। বাবা-মা, বোনের চেষ্টায় এক সময় সে ফিরেও আসে স্বাভাবিক জীবনে। কিন্তু রুমীর জীবনে ঝড় তোলে মেঘ। নিজের স্বার্থ হাসিলের জন্য রুমীকে সাজায় খলনায়ক। ভালোবাসার সম্মান অক্ষুণ্ন রাখতে সত্য প্রকাশ না করে শহর ছাড়ে রুমী। নতুন শহরে রুমীর প্রেমে পড়ে মাফিয়া গডফাদারের মেয়ে চৈতী। পুরোনো প্রেমের দগদগে ক্ষত আর নতুন প্রেমের হাতছানির ভেতর স্বপ্নভাঙা এক নায়কের গল্প নিয়ে নাটক ‘খলনায়ক’।
জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, ইশানা খান, সানজিদা তন্ময়, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, লায়লা হাসান, আল মামুন, রোদেলা, নিকি প্রমুখ।
