বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের কোচ হতে যাচ্ছেন। বিবিসি জানিয়েছে অল রেড বলে খ্যাত লিভারপুলের সঙ্গে ক্লপের এজেন্টের কথাবার্তা চূড়ান্ত এবং তিন বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
২০১২ সালে দায়িত্ত্ব নেওয়ার পর থেকে তিন বছর লিভারপুলে থেকে কিছুই জেতাতে পারেননি ব্রেন্ডন রজার্স। এছাড়া তার খেলার ধরণ ও কৌশল নিয়েও প্রশ্ন ছিল। গত রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পরে তাকে বরখাস্ত করে লিভারপুল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরেই ক্লপের সঙ্গে লিভারপুলের যোগাযোগের কথা শোনা যাচ্ছিল। বিবিসি জানিয়েছে, লিভারপুল আশা করছে বৃহস্পতিবারের মধ্যে দুই পক্ষের দর কষাকষি শেষ হবে। ৪৮ বছর বয়সী ক্লপ বরুসিয়াকে দুটি বুন্দেসলিগা জিতিয়েছেন। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গিয়েছিলেন বরুসিয়াকে। বিবিসি
