রাজধানীর কদমতলী থানাধীন দনিয়ার ব্রাইট শামসুল উলুম মাদ্রাসার ছাত্র আসাদুল্লাহ হামীম (১২) সাততলা মাদ্রাসা ভবন থেকে পড়ে মারা গেছে। বুধবার ভোরে ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।
মাদ্রাসার নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন বলেন, হামীম ভোরে মাদ্রাসার ছাদে গিয়েছিল। পরে সেখান থেকে দুর্ঘটনাবশত পড়ে যায়, নাকি কেউ তাকে ফেলে দেয় এসবের কিছুই জানা যায়নি।
নিহতের বাবা দুলাল হোসেন গুলিস্তান ট্রেড সেন্টারে কম্বলের ব্যবসা করেন। তিনি বলেন, তিন-চার মাস আগে মাদ্রাসার হেফজ বিভাগে হামীমকে ভর্তি করা হয়। হঠাৎ তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। কেউ তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে থাকতে পারে।
তবে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ জানিয়েছেন, ভবনের পেছন দিকে থাকা পাইপ ধরে নিচে নেমে পালাতে গিয়ে হাত ফসকে সাততলা থেকে নিচে পড়ে যায় হামীম।
শিক্ষকের শাস্তির কারণে অপমানবোধ থেকে হামীম আত্মহত্যা করেছে কি না- জানতে চাইলে ওসি বলেন, ‘আত্মহত্যা করার ইচ্ছা থাকলে ছাদ থেকেই লাফ দিত হামীম।’
