সব মেডিক্যাল কলেজে আজ ধর্মঘট, মিছিলে পুলিশের হামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ০০:৪৯

ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আবারও লাঠিচার্জ করেছে পুলিশ। অভিযোগ উঠেছে পিপার স্প্রে নিক্ষেপের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান শেষে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দেয়ার জন্য কাওরান বাজার পর্যন্ত গেলে পুলিশ তাদের উপর এই হামলা করে। শিক্ষার্থীদের দাবির সমর্থনে ও পুলিশের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের সকল মেডিক্যাল কলেজে ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে মেডিক্যাল শিক্ষার্থীরা। এদিকে শাহবাগ থেকে কাওরান বাজার পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলের কারণে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, সকল সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি সম্পন্ন হয়েছে এবং নিয়মিত ক্লাস হচ্ছে।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে পান্থপথ-কাওরানবাজার এলাকায় ফার্মগেট অভিমুখী সড়ক দিয়ে মেডিক্যাল শিক্ষার্থীরা মিছিল সহযোগে মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দেশে রওনা হন।
 
বাবুল বিশ্বাস নামে একজন শিক্ষার্থী বলেন, অত্যাচার নির্যাতন করে তাদের দাবি আদায়ের পথ থেকে সরানো যাবে না। তাদের আন্দোলন চলছে চলবে। তবে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা লাঠিচার্জ ও পিপার স্প্রে নিক্ষেপের কথা অস্বীকার করেন। প্রায় বিশ মিনিট রাস্তায় অবস্থান করার পর পুলিশ হঠাত্ই মারমুখী হয়ে উঠে।
 
ঢাকা মেডিক্যাকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, তার কলেজে পূর্ণাঙ্গ ক্লাস হয়েছে। কোন ছাত্র-ছাত্রী বাইরে যাওয়ার প্রশ্নই উঠে না। সাদা এপ্রোণ পরে মিছিল করলেই মেডিক্যাল ছাত্র-ছাত্রী হয়ে যায় না। বিষয়টি খতিয়ে দেখা উচিত এরা কারা?
 
এদিকে বিকালে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা আজ থেকে সকল মেডিক্যাল কলেজে ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে। কর্মসূচি ঘোষণা করেন সলিমুল্লাহ মুসলিম মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী রাজ্জাকুল ইসলাম। একই সঙ্গে আরেক সংবাদ সম্মেলন থেকে আন্দোলরত শিক্ষার্থীদের আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, আজ সকাল ১১টায় শহীদ মিনারে জড়ো হয়ে প্রশ্ন ফাঁসের প্রমাণসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন তারা।
 
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সাংবাদিক সম্মেলন
 

মেডিক্যালে পুনঃপরীক্ষার দাবিসহ চার দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। গতকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধর্মঘট পালিত হয়। দেশব্যাপী এই ধর্মঘটের সামগ্রিক অবস্থা জানিয়ে বেলা দেড়টায় জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করেন জোট দুইটির নেতারা। সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন আগামী ১২ই অক্টোবর সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।