দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রংপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা। রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে, ইউকেএইড এর অর্থায়নে এবং সাইট সেভারস ও কমিউনিটি চক্ষু হাসপাতালের সহযোগিতায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলা উদ্বোধন করেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসারা পারভীন, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাংবাদিক আফতাব হোসেন প্রমুখ।
খুলনা: নগরীর শহীদ হাদিস পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, নারীদের অধিকার নারীদেরই আদায় করে নিতে হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, সিটিএসবির বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ডেপুটি পুলিশ কমিশনার মো. জাফর হোসেন প্রমুখ।
নওগাঁ: নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। এজন্যে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কর্মস্থলে বৈষম্য না করে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে। নওগাঁ পুলিশ লাইন থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, জেলা মুক্তিযোদ্বা সংসদের জেলার সাবেক কমান্ডর হারুন-অল-রশীদ প্রমুখ।
লালমনিরহাট: জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে একই স্থানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহামম্মদ শফিউল আরিফ।
ঝিনাইদহ: সদর থানার চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে সদর থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা জেলা পুলিশ ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মাগুরা: মাগুরার কালেকটরেট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক আখতারুন্নাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে র্যালি বের হয়। পরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ আনোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মাহবুবুল হক সজীব প্রমুখ।
বাগেরহাট: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিতে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে পৃথকভাবে শহরে র্যালি বের করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দু দিনের নারী উন্নয়ন মেলায় গিয়ে শেষ হয় র্যালি। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা।
সাতক্ষীরা: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির প্রমুখ।
মাদারীপুর: স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে র্যালি বের করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, এমপি দুদিনব্যাপী আয়োজিত নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
বরিশাল: জেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীতে শোভাযাত্রা বের হয়ে অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরবর্তীতে অশ্বিনী কুমার টাউন হলে দু দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
বরগুনা (উত্তর): জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং টিআইবিসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালি বের করা হয়। শেষে পুনরায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম।
পঞ্চগড়: রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত ধর্মের কথা বলে নারীদের ঘরের কোণে আটকে রাখার চেষ্টা করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পঞ্চগড়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুন্ডু, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. নিজামউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বগুড়া: নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন একসূত্রে গাঁথা এই চেতনাকে ধারণ করে টিআইবি সনাক বগুড়া প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস গুরত্বের সাথে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শহরের সাতমাথায় আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বগুড়া সনাকের সভাপতি মাছুদার রহমান হেলাল।
নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
রাঙ্গামাটি:পার্বত্য অঞ্চলে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, উন্নয়নসহ গণমাধ্যমেও নারীরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনেক নারী নিজ উদ্যোগে আত্মকর্মস্থান গড়ে তুলছে। এসব নারী উদ্যোক্তাকে মূল্যায়ন করা হলে একদিন বাংলাদেশ অর্থনৈতিকভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শুক্রবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, জলি আমির, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা প্রমুখ।
মৌলভীবাজার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নারী সংগঠন, গার্লস গাইড, ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এবং বাংলাদেশ মহিলা পরিষদসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, কর্মশালা, দুস্থ মহিলাদের নিয়ে আলোচনা সভা, বিতর্ক, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ইত্যাদি। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুনামগঞ্জ: ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো’ এই স্লোগানকে সামনে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালিতে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নব্বী, নারী নেত্রী শীলা রায়, জেলা পরিষদ সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটির সদস্য সঞ্চিতা চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি গৌড়ি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বরিশালের মুলাদী, ফরিদপুরের ভাঙা, গোপালগঞ্জের কোটালীপাড়া, শরীয়তপুরের গোসাইরহাট, দিনাজপুরের কাহারোল, টাঙ্গাইলের মির্জাপুর, মেহেরপুরের গাংনী, নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর, নওগাঁর বদলগাছী, শেরপুরের নকলা, চাঁদপুরের কচুয়া, পাবনার চাটমোহর, মৌলভীবাজারের কমলগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়ও একইভাবে দিবসটি পালিত হয়।
