বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া অফিস বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং বগুড়া অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বেগম লুবনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসিন আলম, স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল মো. বদরুল আহসান, অত্র ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হবিগঞ্জ প্রেসক্লাবকে অনুদান প্রদান
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাবকে সাংবাদিক কল্যাণ তহবিলের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন অতিরিক্ত সচিব জালাল আহমেদ। আইএফআইসি ব্যাংক লিঃ-এর পক্ষে তিনি এ অনুদান দেন। গতকাল শুক্রবার এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ। এতে বক্তৃতা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শামীম আহসান প্রমুখ।
আজ মরমী কবি পাগলা কানাইয়ের জন্মজয়ন্তী
ভ্রাম্যমাণ প্রতিনিধি আজ ২৫ ফাল্গুন। মরমী কবি পাগলা কানাইয়ের ২০৯তম জন্মজয়ন্তী। ১৮০৯ সালের এ দিনে ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নিজের অপরূপ সৃষ্টি নিয়ে বাংলার পথে-প্রান্তরে ঘুরে ফিরেছেন পাগলা কানাই। যা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ঐতিহ্যমণ্ডিত করেছে। কবির জন্মজয়ন্তী উপলক্ষে বেড়বাড়ি গ্রামে কবির মাজার প্রাঙ্গণে তিনদিনব্যাপী কর্মসূচি নিয়েছে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। কর্মসূচির মধ্যে রয়েছে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, লাঠিখেলা, কবি রচিত ধুয়া জারি গানের অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইপড়া প্রতিযোগিতা, লোকনৃত্য, এক্রোবেটিক প্রদর্শনী, ভাব সংগীতের অনুষ্ঠান ও আলোচনা সভা।
পাইকগাছায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর প্রতিযোগিতা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অহনা রহমান, মাধ্যমিক পর্যায়ে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আফরিন উর্মি ও কলেজ পর্যায়ে আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েটের শিক্ষার্থী অমৃতা সাহা নিশা প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হাসান, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ প্রমুখ।
কোটালীপাড়ায় জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার মহসিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, পাঠাগারের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
রাণীনগরে ভিক্ষুকদের মাঝে গবাদিপশু বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা দেশে একজনও ভিক্ষুক থাকবে না এ লক্ষ্যে রাণীনগরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় কালিগ্রাম ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের ৮ জন ভিক্ষুককে ৩টি করে ছাগল, ১০টি হাঁস-মুরগি এবং গবাদিপশুর পরিচর্যার জন্য ১ হাজার করে টাকাসহ প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করা হয়েছে। সুবিধাভুগীরা প্রতি মাসে গবাদিপশুর পরিচর্যা করার জন্য ১ হাজার করে টাকা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কার্যক্রম চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কালিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ।
