দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে সর্বত্রই ময়লা-আবর্জনার স্তূপ। ময়লা আর আবর্জনার গন্ধে হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
গত সোমবার জায়গীরহাটে সরেজমিনে দেখা গেছে, মাছ হাটি, গরুর মাংস বিক্রয় হাটি, গরু হাটিসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। সেগুলো থেকে উত্কট দুর্গন্ধ বের হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য নালাগুলো ভরাট হয়ে পানি জমে আছে।
মাছ ব্যবসায়ী ফজলু মিয়া, রমজান আলী বলেন, নিয়মিত আমাদের কাছে টোল নেওয়া হয়। অথচ ড্রেন পরিষ্কার করা হয় না, ময়লা-আবর্জনা পরিষ্কার হয় না। মাঝে মাঝে আমরা চাঁদা দিয়ে পরিষ্কার করে নেই। চা দোকানি আবু সাইদ ও প্রভাষক মিজানুর রহমান বলেন, শৌচাগারটি এভাবে পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জায়গীরহাট বণিক সমবায় সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোজাম্মল হোসেন বলেন, উপজেলার অন্যতম স্থান এই জায়গীরহাট। এখানে হাট ইজারাদার চরম অনিয়ম-দুর্নীতি বিশেষ করে গরু, ছাগল কেনা-বেচায় অতিরিক্ত টোল আদায় ও অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এজন্য সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
