ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে হামলার তদন্ত দাবি করল জাতিসংঘ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৪:০৪

জাতিসংঘের শীর্ষ সাহায্য কর্মকর্তা ইয়েমেনের একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনার বৃহস্পতিবার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট সন্দেহজনকভাবে সেখানে এ বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৪৭ জন নিহত হয়।

মানবিক বিষয়ক জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল স্টিফেন ও’ব্রিয়েন বলেন, বুধবার সন্ধ্যার বোমা হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হন। এক বিবৃতিতে ও’ব্রিয়েন বলেন, আমি এ ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। ইয়েমেনের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ও’ব্রিয়েন বলেন, এ হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র এ হামলার ঘটনায় এএফপিকে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।



স্থানীয় বাসিন্দারা জানান, রাজধানী সানার ৬০ কিলোমিটার দক্ষিণে ধামার প্রদেশের সানবান শহরে যে বাড়িতে এ বিমান হামলা চালানো হয় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। মাত্র এক সপ্তাহেরও সামান্য বেশী সময়ের মধ্যে ইয়েমেনের বিয়ের অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন জোটের এটি ছিল দ্বিতীয় বিমান হামলার অভিযোগ। তবে জোট বাহিনী সর্বশেষ এ হামলার ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে।



ও’ব্রিয়েন জানান, ইয়েমেনে গত মার্চ মাস থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর থেকে প্রায় সাড়ে ৪ হাজার লোক নিহত বা আহত হন।