দাকোপ (খুলনা) সংবাদদাতা
দাকোপে পত্রিকা বিক্রেতা দরিদ্র মো. শফি পাটোয়ারী(৭৫) সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে টাকার অভাবে বিনা চিকিত্সায় মৃত্যুর প্রহর গুনছেন। জীবন বাঁচাতে এখন তিনি সরকার এবং বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।
নোয়াখালীর চাটখিলের খিলপাড়া এলাকার মৃত মফিজউল্লা পাটোয়ারীর ছেলে মো. শফি পাটোয়ারী স্বাধীনতার পর এ উপজেলায় এসে ১৯৮৫ সাল থেকে পত্রিকা বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে তিনি এ উপজেলার বারুইখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। সম্প্রতি তিনি উপজেলা সদর চালনা বাজারে পত্রিকা বিক্রি করা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সহায়-সম্পত্তি, ঘর-বাড়ি ছাড়া আর কিছুই নেই তার। টাকার অভাবে বাড়িতে বিছানায় শুয়ে বিনা চিকিত্সায় তিনি এখন মৃত্যুর প্রহর গুণছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোজাম্মেল হক নিজামী বলেন, উন্নত চিকিত্সা দিতে পারলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-চালনা বাজার রুপালী ব্যাংক শাখার একাউন্ট নং ৪৩৮৬। এছাড়া ০১৭০৫২০২৫৪৪ বিকাশ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
