‘রাশিয়ার হামলায় আইএসের ক্ষমতা কমে গেছে’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২২:১১
 
সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর যুদ্ধের ক্ষমতা  হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল আলী আব্দুল্লাহ আয়ূব । এ দিকে, কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় উদ্দেশে রাশিয়ার ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
 
রাশিয়ার চলমান বিমান হামলায় আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর লড়াইয়ের সক্ষমতা কমে যাওয়ার কথা জানিয়েছেন সিরিয়ার সেনাপ্রধান জেনারেল আয়ূব। এ পরিস্থিতিতে সিরীয় সেনাবাহিনী অভিযান জোরদার করেছে বলে জানান তিনি। সিরীয় সেনাপ্রধান বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ কথা বলেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। তাকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল এবং সন্ত্রাসবাদের কবলে পড়া বিভিন্ন শহর ও এলাকাকে মুক্ত করাই এ অভিযানের লক্ষ্য।’ ‘বিস্তৃত পরিসরে’ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
 
সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে রাশিয়া মূল ভূমিকা পালন করছে স্বীকার করে তিনি বলেন, ‘রুশ সেনাবাহিনীর বিমান হামলায় আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর লড়াই করার সক্ষমতা কমে যাওয়ার পর সিরিয়ান সশস্ত্র বাহিনী তাদের সামরিক তত্পরতা অব্যাহত রেখেছে।’ অভিযান জোরদারের কথা বললেও কোন কোন এলাকায় তা চালানো হচ্ছে, তা বলেননি জেনারেল আয়ূব। তবে যুদ্ধের জন্য নতুন কয়েকটি ইউনিট গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার বিমান হামলার সঙ্গে সমন্বয় করে সিরীয় বাহিনীর স্থল অভিযানে সহায়তার জন্য ইরান কয়েক শ সেনা পাঠিয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার প্রতিবেশী দেশ লেবাননের শিয়া মিলিশিয়া হিজবুল্লাহর কাছ থেকেও সহায়তা পাচ্ছে।