ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শরণার্থী ভাগাভাগি করে নেয়ার পরিকল্পনা অনুযায়ী সুইডেন শরণার্থীদের নেয়া শুরু করেছে। প্রথম দফায় ইরিত্রিয়ার ১৯ জন শরণার্থীকে নিচ্ছে দেশটি। শুক্রবার এই দলটি ইতালি থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। খবর- বিবিসির।
ইরিত্রিয়ার শরণার্থী দলটি রোম বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরে ইইউ'র অভিবাসন বিষয়ক কমিশনার দিমিতরিস আভরামপুলস ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো তাদের বিদায় জানান।
পরিকল্পনা অনুযায়ী, ইতালি ও গ্রিস থেকে এক লাখ ২০ হাজার শরণার্থীকে কোটা পদ্ধতিতে ইউরোপের অন্যান্য দেশে স্থানান্তর করা হবে। দেশগুলোর আয়তন, জিডিপি, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় নিয়ে কোন দেশ কত শরণার্থী আশ্রয় দেবে তা ঠিক করা হয়েছে। হাঙ্গেরিসহ বেশ কয়েকটি দেশ শরণার্থীদের ভাগাভাগি করে নিতে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক বিরোধিতা করেছিল। ইউরোপে ঢোকা অধিকাংশ মানুষ জার্মানি যেতে চায় উল্লেখ করে এই সমস্যাকে 'জার্মান সমস্যা' বলেও উল্লেখ করেছিল দেশটির সরকার।
