বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের এই দিনে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে চিত্রা নদীর পাড়ে মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
মাটি ও মানুষের শিল্পী সুলতান তার অসাধারণ সব চিত্রকর্মের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত করে।
