ঢামেক হাসপাতাল থেকে পালিয়ে গেছে আসামি

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৫:০৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাজুদ খাঁ (৩০) নামে এক আসামি পালিয়ে গেছেন। শনিবার সকাল সোয়া সাতটার দিকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তাজুদ খাঁ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের রফিক খাঁর ছেলে।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সাজুদ আটপাড়া থানার হত্যা মামলার আসামি। হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। পুলিশি প্রহরায়ই তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার রাতে ওই ওয়ার্ডে ডিউটি দিচ্ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্য মাসুদ রানা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরঞ্জন। আসামি তাজুদ খাঁ বাথরুমে যাবেন বলে তাদের বলেন। পরে তিনি বাথরুম থেকে আর ফিরে আসেননি।
 
সম্প্রতি কুতুবপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তাজুদ খাঁ ও তার ভাই আমীর খাঁ (৩৫) হত্যা মামলার আসামি। ৮ অক্টোবর ‍দুপুরে ওই দুই ভাইকে আহত অবস্থায় পুলিশি হেফাজতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।