চন্দনাইশে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের চন্দনাইশে পঞ্চমবারের উপজেলা পরিষদ নির্বাচন। দিন ঘনিয়ে আসতে শুরু করলেও নির্বাচনে বিএনপি কিংবা এলডিপি অংশ না নেওয়ায় কোন ধরনের আমেজ নেই বললেই চলে। তারপরও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি একেএম নাজিম উদ্দিনের নিশ্চিত বিজয়ে বাদ সেধেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আলহাজ আবদুল জব্বার চৌধুরী।

এই প্রথম দলীয় প্রতীক নিয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের পঞ্চম নির্বাচনে উল্লিখিত ওই দুইজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী নৌকার বিজয়ে কোন ফ্যাক্টর নন। মূলত সরকার দলীয় প্রার্থী একেএম নাজিম উদ্দিন ও আবদুল জব্বার চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেহেতু এ উপজেলা পরিষদের দুই দুইবারের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আবদুল জব্বার চৌধুরী। বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজরী কাসেমকে হারিয়ে দুইবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সেই সুবাধে উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে বর্তমান চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী চেনা একটি মুখ। অপরদিকে নৌকা প্রার্থী একেএম নাজিম উদ্দিন জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যক্তিগতভাবে সত্ নিষ্ঠাবান হিসাবে দলে একটা শক্ত অবস্থান রয়েছে।