জীবননগরে উথলী রেলষ্টেশনে ট্রেনের ধাক্কায় অসীম সাহা (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অসীম সাহা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা গ্রামের সুফল চন্দ্র সাহার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনটি উথলী ষ্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় ওই ট্রেনের যাত্রী অসীম সাহা চা পান করতে ষ্টেশনে নামেন। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসকে বেলা সাড়ে ১১টার দিকে উথলী ষ্টেশনে ঢুকতে দেখে অসীম মনে করেন সাগরদাঁড়ি ট্রেনটিও ছেড়ে দিয়েছে। এ সময় তিনি দৌড়ে সাগরদাঁড়ি ট্রেনে যাওয়ার চেষ্টা করলে চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের পকেটে ৯৮ হাজার ২০৫ টাকা ও একটি নকিয়া মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানা গেছে।
