চাটমোহরে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অধিকাংশ আওয়ামী লীগ নেতা

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২১

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ভোট প্রার্থনায় সময় পার করছেন।

এদিকে চেয়ারম্যান প্রার্থী ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আ. হামিদ মাস্টারের পক্ষে অধিকাংশ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ নির্বাচনী মাঠে নেমেছেন। তারা ঘোড়া প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। গণসংযোগ ও মতবিনিময় সভা করে আঃ হামিদ মাস্টারের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

গত সোমবার মোটরসাইকেল শোডাউন করে তিনি নিজ অবস্থান জানান দিয়েছেন। এই কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি উপস্থিত থেকে ঘোড়ার পক্ষে ভোট চেয়েছেন। জনপ্রতিনিধিদের পাশাপাশি সাবেক জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আঃ হামিদ মাস্টারকে সমর্থন জানিয়ে মাঠে নেমেছেন।

পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহার আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, বিএমএ পাবনা জেলা সভাপতি ডা. মো. গোলজার হোসেন, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক রওশন, মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টারসহ পৌরসভার অধিকাংশ কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের মেম্বাররা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।