চরফ্যাশনের ঢালচরে শিশু বিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২১

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চরফ্যাশন উপজেলার সর্ব দক্ষিণের সাগর মোহনায় জেগে উঠা বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে শিশু বিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা করে শপথ বাক্য পাঠ করেছেন ওই ওয়ার্ডের কয়েকশ’ অভিভাবক ও কিশোর-কিশোরী। গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিসেফের সহায়তায় ঢালচর কোস্ট ট্রাস্ট সংলগ্ন অফিস মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঢালচর ইউপি চেয়ারম্যান মো.আব্দুস সালাম হাওলাদার তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে কোস্ট ট্রাস্ট’র মনিটরিং অফিসার জিএম মনিরুজ্জামান, ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহমদ আনওয়ার, ইউপি সদস্য আবুল কাশেম, শিক্ষক আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ঢালচর মাধ্যমিক বিদ্যালয় ও ঢালচর দাখিল মাদ্রাসার শিক্ষক, ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের জনসাধারণ এবং আইইসিএম প্রকল্পের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে বাল্যবিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের ফলে আমাদের সমাজের নারীদের অনেক ক্ষতি হয়। কিশোরী মেয়েরা অল্প বয়সে স্কুল থেকে ঝরে পড়ে। তাই অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। আমাদের সন্তানদের লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দিতে হবে।