আজ জাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১২:০৯
দীর্ঘ পাঁচ বছর পর আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন। বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ১৯ ধারা অনুযায়ী তিন বছর পর পর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও এবার বেশ বিলম্ব করেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
গত ২৭ আগস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের তত্ত্বাবধায়ক আবু বকর সিদ্দিক। নির্বাচনে দুটি আলাদা প্যানেল থেকে ৩৩টি পদের বিপরীতে স্বতন্ত্রসহ মোট ৭৪ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ব্যানারে বিএনপিপন্থি শিক্ষক ও প্রগতিশীলমনা শিক্ষকদের একটি গ্রুপ ও আওয়ামী লীগের দুটি গ্রুপ এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ব্যানারে প্রশাসন পন্থি আওয়ামী ঘরানার শিক্ষকরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন শিক্ষক এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের তত্ত্বাবধায়ক আবু বকর সিদ্দিক।