স্পোর্টস রিপোর্টার
পারফরম্যান্সের সুবাদে নিজের পারিশ্রমিকটাও এবার বাড়িয়ে নিলেন ভারতীয় ক্রিকেটের ঋষভ পান্ত। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া গতকাল নিজেদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করেছে। সেখানে পান্ত আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এর অর্থ হলো, এখন থেকে তিনি মহেন্দ্র সিং ধোনি কিংবা রবিচন্দ্রন অশ্বিনদের সমান বেতন পাবেন।
বিসিসিআইয়ের নতুন এই তালিকায় পান্ত বাদেও চমক হলেন জাসপ্রিত বুমরাহ। তিনি চলে এসেছেন শীর্ষ ক্যাটাগরি ‘এ+’-এ। নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন ২৫ ক্রিকেটার। বিসিসিআইয়ের দেখভালের দায়িত্বে থাকা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) কালকেই এই চুক্তিপত্র অনুমোদন করেছে। গেল বছরে অক্টোবর মাস থেকেই চুক্তি কার্যকর হিসেবে ধরা হয়েছে। মেয়াদ শেষ হবে হবে আগামী সেপ্টেম্বরে।
পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে না পারায় ‘এ’ ক্যাটাগরিতে নেমে গেছেন শিখর ধাওয়ান ও ভুবেনশ্বর কুমার। তারা ‘এ’+ ক্যাটাগরিতে ছিলেন। ‘বি’ ক্যাটাগরিতে বার্ষিক তিন কোটি রুপি পারিশ্রমিক পাবেন হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, যুজবেন্দ্রা চাহাল ও উমেশ যাদব। কিছুদিন আগে ‘কফি উইদ করণ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন রাহুল ও হার্দিক। তারপরও ‘বি’ ক্যাটাগরিতে আছেন এরা দুজন।
গেল বছর আগস্টে ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় পান্তের। সেবার সফরের শেষ টেস্টে সেঞ্চুরি করেন তিনি। ওভালের সেই ম্যাচে করেন ১১৪ রান। এরপর দেশের মাটিতে পরের দুই টেস্টের দুই ইনিংসেই ৯২ রান করে করেন। এরপর অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দারুণ ফর্মে। শেষ ইনিংসে খেলেন ১৫৯ রানের অনবদ্য এক ইনিংস।
এখন পর্যন্ত নয় টেস্টে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৬৯৬ রান করেছেন পান্ত। টেস্ট ফরম্যাটে এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিসিসিআই’র চুক্তিতে এক লাফে ‘এ’ ক্যাটাগরিতে উঠে আসেন পান্ত। এই ‘এ’ ক্যাটাগরিতে সবাই পাবেন বার্ষিক পাঁচ কোটি রুপি। পান্তের সাথে এখানে আরো আছেন মহেন্দ্র সিং ধোনি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।
দুর্দান্ত পারফরমেন্সের কারনে ক্যাটাগরির তালিকায় শীর্ষে উঠলেন বুমরাহ। গেল বছরের জানুয়ারিতে টেস্ট অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১০টি টেস্টে ৪৯ উইকেট পেয়েছেন এই পেসার। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আরো উজ্জ্বল ছিলেন তিনি। এই তালিকায় বুমরাহ’র সঙ্গী অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মা। এই ক্যাটাগরির তিন খেলোয়াড় সকলেই বার্ষিক সাত কোটি রুপি পাবেন।
