ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৬:০৭
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে গতিতে ষড়যন্ত্রকারীরাও ষড়যন্ত্র করে যাচ্ছে। রবিবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
 
বিদেশি নাগরিক হত্যার বিষয়ে কামরুল ইসলাম বলেন, জামায়াত রহস্যময় কারণে বেশ কিছুদিন যাবত নীরবে রয়েছে। আর যখন শীর্ষ দুই যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে তখন বিদেশি নাগরিক হত্যায় কারা জড়িত তা সহজেই বোঝা যায়।
 
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাথে বিএনপি যেভাবে একাট্টা হয়ে রয়েছে তাতে বিএনপিকেও সন্দেহের বাইরে রাখার সুযোগ নেই।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও দেশের তথ্য ও প্রযুক্তির উন্নয়নে অবদান রাখায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ লাভ এবং চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।