মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কে শান্তি র্যালিতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় অন্তত ৯৫ জন নিহত ও আরো দুই শতাধিক আহত হয়েছে।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এই জঘন্য হামলায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি তার গভীর সমবেদনা জানিয়েছেন। আমেরিকার জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এবং ওই অঞ্চলের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের জনগণের পাশে আছে বলে তিনি জানান।
সরকার বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে আসা বামপন্থী ও কুর্দিপন্থী সক্রিয় কর্মীদের এক জমায়েতে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা এই হামলা চালায়।এটি আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। বাসস।
