সমারসেটের বোলিং কোচ হিথ স্ট্রিক

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২৬

ইংল্যান্ডের কাউন্টি দল সামারসেটের বোলিং কোচ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক-কোচ হিথ স্ট্রিক। প্রাক মৌসুমে আবুধাবিতে দলের সাথে যোগ দিবেন তিনি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন স্ট্রিক। সামারসেটের বোলিং কোচ হতে পেরে উচ্ছ্বসিত স্ট্রিক। তিনি বলেন, ‘প্রাক মৌসুমে একটি দুর্দান্ত দলের বোলারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। সামারসেটের ইতিহাস অনেক সমৃদ্ধ। আশা করছি ভালো একটি সময় কাটবে। দলের সাফল্যের জন্য নিজের সবটুকু উজার করে দেবো।’ বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর ২০১৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ের কোচ হন তিনি। কিন্তু ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য বাছাই পর্ব টপকাতে জিম্বাবুয়ে ব্যর্থ হওয়ায় স্ট্রিককে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড।