ভুয়া প্রকল্পের নামে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে জিজ্ঞাসাবাদ করতে রবিবার দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম একটি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে, আগামী ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে সমবায় মন্ত্রণালয় তথ্য সরবরাহ না করায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবের (জেলা পরিষদ অধিশাখা) কাছে আবারও তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তথ্য চেয়ে চিঠি দিয়েছিল দুদক।
এবারের চিঠিতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে চাহিদা অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। সূত্র জানায়, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে কয়েক শ’ কোটি টাকা বিল হিসেবে পরিশোধ করেন জেলা প্রশাসক। এখান থেকে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনেও বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে অর্থ ছাড়ের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগে বলা হয়েছে। হাসিনা দৌলাকে নোটিস পাঠানো হয়েছে জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আগামী ২১ অক্টোবর সকালে তাকে উপস্থিত হতে বলা হয়েছে।
দুদকের কাছে আসা অভিযোগ অনুযায়ী, ২০১২-১৩ সালে ধামরাইয়ে একটি উন্নয়ন প্রকল্প থেকে হাসিনা দৌলার কথিত পিএস মাহবুবুর রহমান (মনি) বিভিন্ন সময়ে মোট ১ হাজার ৫০টি চেকের মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা তুলেছেন। কোনো অনুমোদন ছাড়াই এই অর্থ তোলা হয়। একই বছর নবাবগঞ্জে যন্ত্রাইল কবরস্থানের উন্নয়নে একটি প্রকল্পের কাজ না এগোলেও কাজের ৭৯ শতাংশ টাকা পরিশোধ করা করা হয় জেলা পরিষদের দফতর থেকে, যাতে দুর্নীতির আভাস পেয়েছে দুদক।
