‘মহাজোট সরকারের আমলে মানিকগঞ্জে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের আমলে তা হয়নি। আরো উন্নয়ন কাজ চলছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
রবিবার জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পাচুটিয়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন ও পাচুটিয়া-আয়নাপুর সাড়ে চার কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মুর্তুজা মাসুম, মানিকগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, উপজেলা সাবেক চেয়ারম্যান আ. মজিদ ফটো, সিভিল সার্জন ডা. ইমরান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, যুবলীগের সহ-সভাপতি অ্যাড. আবুবকর সিদ্দিক খান তুষার, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় ৬০ লক্ষ ৪০ হাজার ৮৭৪ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা, ৮৫ লক্ষ ৪৯ হাজার ৯১৪ টাকা ব্যয়ে হরগজ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ৮৫ লক্ষ ৪৪ হাজার ৮৫২ টাকা ব্যয়ে দরগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও গোপালপুর ২৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
