চেলসি-ন্যাপোলির শেষ আটের পথে

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২৭

ঘুরে দাঁড়ানোর আশায় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

চেলসি ও ন্যাপোলি ইউরোপা লিগের শেষ ষোলয় গত বৃহস্পতিবার নিজেদের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে চলে গেছে। তবে একই যাত্রায় আর্সেনাল স্তাদ রেনের মাঠে ৩-১ গোলে হেরে বাদ পড়ার শঙ্কায়। অবশ্য আর্সেনাল কোচ উনাই এমেরি মনে করেন পরের লেগে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে তার দলের।

ফরাসী দল স্তাদ রেনের বিপক্ষে অ্যালেক্স ইয়োবির তৃতীয় মিনিটের গোলে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। তবে ৪১ মিনিটে সক্রেটিস পাপাস্টাথুপোলুস লাল কার্ড দেখলে দুর্দশার সূত্রপাত হয় আর্সেনালের। পরের মিনিটেই বেনজামিন বৌরিগাদ সমতায় ফেরান স্বাগতিকদের। ৬৫ মিনিটে নাচো মুনরেয়ালের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া আর্সেনালের দুর্দশা আরো ঘনীভূত হয় শেষ মুহূর্তে ইসমাইল সারের লক্ষ্যভেদে।

আর্সেনাল কোচ প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকলেও পরেরটিতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘৩-১ ফলাফলটা আমাদের জন্য বেশ কঠিন। আমার ধারণা এর চেয়ে ভালো খেলতে পারি আমরা।’ এমেরি আরো বলেন, ‘আমরা পরের সপ্তাহ নিয়ে ভাবছি। আমরা ১১ জনের দলের বিপক্ষে সক্রেটিস ও লাকাজেতকে ছাড়াই ১১ জন নিয়ে নামবো। তবে যদি প্রথম ৪০ মিনিটের মতো খেলতে পারি তাহলে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানো সম্ভব।’

আর্সেনাল হারলেও আরেক ইংলিশ দল চেলসি অবশ্য বড় জয়ই পেয়েছে। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পেদ্রো রদ্রিগেজ, উইলিয়ান ও ক্যালম হাডসন অডোইয়ের লক্ষ্যভেদে ডায়নামো কিয়েভকে ৩-০ গোলে হারিয়েছে কোচ মাওরিজিও সারির দল।

চেলসি কোচ সারির সাবেক দল ন্যাপোলিও এদিন জয়লাভ করেছে। ঘরের মাঠ স্তাদিও সান পাওলোয় সালজবুর্গের বিপক্ষে পাওয়া তাদের জয়টিও ৩-০ ব্যবধানের। আর্কাদিউজ মিলিক ও ফ্যাবিয়ান রুইজের লক্ষ্যভেদে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ন্যাপোলি। পরের অর্ধে জেরোম অনগুয়েনে আত্মঘাতী গোল করলে গেলবারের সেমিফাইনালিস্টদের বড় ব্যবধানে হারায় কোচ কার্লো অ্যানচেলত্তির দল। ইতালীর অন্য দল ইন্টারমিলান অবশ্য প্রতিপক্ষের মাঠে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

স্প্যানিশ দলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল জয় পেলেও ড্র করেছে সেভিয়া। জেনিথের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ঘরোয়া লিগে ধুঁকতে থাকা ভিয়ারিয়াল। রাশান দল এফসি ক্রাসনোদারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ভ্যালেন্সিয়া। আর ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার এই শিরোপা জেতা সেভিয়া নিজেদের মাঠে স্লাভিয়া প্রাহার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।