দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘এটা একটি অসত্ পরিকল্পনা ছাড়া অন্য কোনো কিছুই নয়। তাই আমাদের দলের পক্ষ থেকে দাবি জানাই এ সংক্রান্ত নির্বাচনী আইন অধ্যাদেশ আকারে জারি থেকে তারা যেন বিরত থাকেন।’
সোমবার বিকেল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র ও সমাজে বিভাজন তৈরী করতেই সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেছেন রিপন।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশনের নির্বাচন আইন সংশোধনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারবেন। এটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন সব ক্ষেত্রে।’
বিএনপির মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামীতে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে করার প্রস্তাব আজ মন্ত্রিসভায় অনুমোদিত হয়ায় আমরা বিস্মিত হয়েছি, কারণ আমরা ক’দিন আগে সরকারের এমনি ভাবনার খবর জেনে প্রতিবাদ করেছিলাম এবং দাবি তুলেছিলাম-এ বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় যেন সংশ্লিষ্ট সকল মহলের মতামত যাচাই করা হয়।’
তিনি বলেন, ‘কিন্তু সরকার আমাদের সে দাবিকে পাশ কাটিয়ে একগুঁয়েমি মনোভাব প্রদর্শণ করে আজ এ সংক্রান্ত পাঁচটি আইনের সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করে তড়িঘড়ি করে অনুমোদন করেছে।’
