ডিএসসিসির দুই কাউন্সিলরকে তলব

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৭:৪২
 
ঢাকার ধোলাইখাল দখল করে কার্যালয় তৈরি করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দুই কাউন্সিলরকে তলব করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
 
আগামী ১ নভেম্বর দুই কাউন্সিলর ও সহকারী কমিশনারকে আদালতে হাজির হতে হবে। কাউন্সিলররা হলেন-ঢাকা দক্ষিণ সিটির ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ও ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান।
 
খাল দখলকারীদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
 
আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার দেবধোলাই খাল দখল করে কার্যালয় তৈরি করার সংবাদ ছবিসহ গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। অপরদিকে টঙ্গীবাড়িতে খাল দখলের প্রতিবেদনও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে পৃথক আবেদন দাখিল করে।
 
আবেদনে পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি),পরিচালক (এনফোর্সমেন্ট), রাজউক চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, যাত্রাবাড়ী থানার ওসি ও সহকারী কমিশনার এবং দুই কাউন্সিলরকে আবেদনে রেসপনডেন্ট করা হয়েছে।

খবর বাসসের।