চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল এলাকায় কয়েক রাউন্ড গুলি ছুড়েছে।
সোমবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন সিআরবিতে ৪৮ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে বাবর ও লিমনের অনুসারীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। সে সময় গুলিতে নিহত হন যুবলীগকর্মী সাজু পালিত ও আট বছর বয়সী শিশু আরমান হোসেন টুটুল। ওই ঘটনায় বাবর, লিমনহ দুই পক্ষের ৮৭ জনকে আসামি করে মামলাও হয়। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল, আশপাশের এলাকা এবং ঢাকায় অভিযান চালিয়ে বাবর, লিমনসহ মোট ৫৭ জনকে গ্রেপ্তার করলেও কয়েক মাসের মধ্যে সবাই জামিনে ছাড়া পেয়ে যান।
