প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের অভিযোগে রাজধানীতে গ্রেফতার ২

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৮:৫৮
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ফেসবুকে অন্যের ছবি ও ছদ্ম নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের মিথ্যা সংবাদ প্রচার করে আসছিল বলে পুলিশ জানায়। তারা হলেন, রেজাউল আলম ওরফে অর্নি ও আনিছুর রহমান ওরফে মিঠু।
 
তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একে অপরের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রশ্ন-উত্তরপত্র দেয়ার জন্য ফেসবুকে অন্যের ছবি ,ছদ্ম নাম (রহমান রিফাত) ব্যবহার করে একটি মিথ্যা ফেসবুক একাউন্ট খুলে প্রচারণা চালায়। তারা প্রশ্নপত্র ও উত্তরপত্র গ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।
 
আসামি অর্নির মায়ের নামে খোলা বিকাশ একাউন্টের মাধ্যমে তারা লেনদেন করতো। এ ছাড়াও তারা বিভিন্ন বিকাশের দোকান হতে অর্থ লেনদেন করে আসছিল। পুলিশ দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন-উত্তরপত্র সরবরাহের মিথ্যা তথ্য ওয়েবসাইটে প্রচার করে ছাত্র আন্দোলনে উস্কানি দিয়ে শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুন্নসহ দেশের আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করছিল তারা। বাসস।