মেক্সিকোয় ট্রাক উল্টে ২৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:০১

 রয়টার্স

মেক্সিকোতে একটি কার্গো ট্রাক উল্টে ২৫ অভিবাসনপ্রত্যাশী নিহত ও ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

দক্ষিণের চিয়াপাস প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে কার্গো ট্রাকটির সংঘর্ষ হয়েছিল বলে ধারণা প্রকাশ করা হয়। গুয়াতেমালা সীমান্তের কাছে তুক্সলা-গুতিয়েরেজ মহাসড়কে সন্ধ্যার পর ওই দুর্ঘটনা ঘটে। নম্বর-প্লেটবিহীন কার্গো ট্রাকে অবৈধভাবে শরণার্থীদের বহন করা হচ্ছিল বলেও জানান কর্মকর্তারা। তবে হতাহতরা কোন্ দেশের নাগরিক সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কর্মকর্তারা জানান, হতাহতদের মধ্যে মধ্য আমেরিকা থেকে আসা লোকজনও থাকতে পারে।

মধ্য আমেরিকার বিভিন্ন দেশ বিশেষ করে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদোর থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশে ইচ্ছুক শরণার্থীরা চিয়াপাস হয়ে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে। এইসব শরণার্থী কার্গো ট্রাকের ভেতর গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ এ পথ পাড়ি দেয় বলে তারা ‘ক্যারাভান শরণার্থী’ হিসেবে পরিচিত। যান্ত্রিক ত্রুটির কারণে কার্গো ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।