জিএসপি সংকটের সমাধান চান মার্কিন কংগ্রেসওমেন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৪:৪৯


বাংলাদেশের চলমান গার্মেন্টস শিল্পের বড় সমস্যা ‘জিএসপি’ নিয়ে অন্যান্য কংগ্রেস ও সিনেট সদস্যদের সঙ্গে আলোচনা করে একটি রাজনৈতিক সমাধান খুজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ইভাট ডি ক্লার্ক।

এই শিল্পের সঙ্গে জড়িত ৪০ লক্ষাধিক নারী শ্রমিকের ভাগ্য এবং তাদের ওপর নির্ভরশীল ২ কোটি মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক জিএসপি সুবিধা পূনর্বহালের পক্ষে মত দিয়েছেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস ইনক্-এর একটি প্রতিনিধি দল স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করতে গেলে এসব কথা বলেন কংগ্রেসওমেন ক্লার্ক।
 
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জিডিপি’র বিস্ময়কর অগ্রগতি, স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা, চিকিৎসা, শিল্প, যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে সারাবিশ্বে আলোচিত বাংলাদেশকে দেখার প্রবল ইচ্ছা ব্যাক্ত করেন কংগ্রেসওমেন ইভেট ক্লার্ক।

এ সময় সংগঠনের নেতারা তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের সকল প্রকার সহযোগিতা প্রদান, ধর্মীয় উগ্রতা ও হেইট ক্রাইম থেকে নিরাপত্তা প্রদান ও একযোগে মূলধারায় কাজ করার সুযোগ প্রদান আলোচনার অন্যতম বিষয় স্থান পায়।

ইভাট ক্লার্ক প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, তিনি শিগগির ওয়াশিংটন ডিসিতে গিয়ে এ সকল বিষয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা, সহকর্মী, কংগ্রেস বাংলাদেশ ককাসের অন্যান্য সদস্য এবং জিএসপি নিয়ে কাজ করা সিনেট কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনডেসসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি বাংলাদেশ সরকারের নেওয়া এন্টিটেরোরিজম পদক্ষেপকে স্বাগত জানান ইভাট ডি ক্লার্ক।
 
উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ইভেট ডি ক্লার্ক নিউইয়র্কে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বজনীন গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এবং আইটিইউ গ্লোবাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড অর্জন করায় শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য প্রদান করেন।

তিনি শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের গর্ব বলে অভিহিত করেন। অনুষ্ঠান মঞ্চে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উদ্যোগ ‘ক্লাইমেট চেঞ্জ’, উইমেন এমপাওয়ারমেন্ট ও শিশু মৃত্যুর হার কমানো, এন্টিটেরোরিজম বিষয়ক পদক্ষেপ, খাদ্য নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা ও এমডিজি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন ও বাস্তবায়ন নিয়ে আগ্রহ এবং একযোগে কাজ করারও ইচ্ছা পোষন করেন।

কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস ইনক-এর পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ ও কাজী আজিজুল হক খোকন এবং সেক্রেটারি জেনারেল মঞ্জুর চৌধুরী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।