আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আড্ডায় ড. মোমেন

‘শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ কমে যেতে পারে’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৫:৩৮
 
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্র ও চীনসহ ইউরোপের অনেক দেশ সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ফলে ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্য সংখ্যা বা অংশগ্রহণ কমে যেতে পারে।
 
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের হাটবাজার মিলনায়তনে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এক আড্ডায় এই আশঙ্কার কথা জানান ড. মোমেন। নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকরা এই আড্ডায় অংশ নেন।
 
IMG0
 
চলতি মাসে বিদায় নিচ্ছেন ড. এ কে আব্দুল মোমেন। বিদায় লগ্নে সাংবাদিক বান্ধব নিউইয়র্ক প্রবাসী এই কূটনীতিককে বিদায়ী আড্ডায় নিজের পেশাজীবনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
 
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দর্পণ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. মোমেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
সাংবাদিক আড্ডায় বক্তব্য দেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুল হক, সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য লাবলু আনসার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, টিবিএন টোয়েন্টি ফোর টিভির প্রধান বার্তা সম্পাদক আশরাফুল হাসান বুলবুল, ভোরের কাগজ-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামীম আহমেদ, আরটিভি ইউএসএ’র বার্তা সম্পাদক শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।