৪০ শতাংশ বাস-মিনিবাস বেশি ভাড়া নিচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৭:৩৫
 
৪০ শতাংশ বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে ধারণা সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের। বুধবার সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমার ধারণা, প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে।’
 
ওবায়দুল কাদের জানান, ঢাকা ও আশেপাশে ‘অনেক পরিবহনে’ অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তিনি নিজেই দেখেছেন। তিনি বলেন, ‘অবাক করা বিষয়! সরকার নিয়ন্ত্রিত বিআরটিসি’র কয়েকটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমার কাছে যাত্রীরা অভিযোগ করার পর আমি এর সত্যতা পেয়েছি। তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’
 
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কেবল চালক নয়, মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
 

সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধির পর সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং ডিটিসিএ-এর আওতাধীন গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় বাস ও মিনিবাসের ভাড়া পুননির্ধারণ করে। এতে ভাড়া বেড়েছে প্রতি কিলোমিটারে ১০ পয়সা।