ভুয়া চুক্তিপত্র দেখিয়ে বিদেশে লোক পাঠানোর কৌশল, গ্রেপ্তার ১

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

বিদেশে চাকরি পেতে ইচ্ছুকদের ভুয়া লিফলেট ও নিয়োগপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাজধানীর ভাটারা-বারিধারা এলাকায় র্যাব-৩ এর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারিধারার উত্তর সোসাইটির ১১ নম্বর রোডের ১/১১ নম্বর বাসায় ‘ট্রাস্ট ইমিগ্রেশন’ অফিসে অভিযান চালিয়ে অফিসের ম্যানেজার সৈয়দ রবিউল করিমকে আটক করা হয়। চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ, ভুয়া ডিমান্ড লেটার দেওয়া ও ভিসা ক্রয়-বিক্রয়ের নামে অবৈধ অফিস খুলে ব্যবসা করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। ইউনিকর্ন (আরএল ৩০৩) নামক অনিয়মিত একটা রিক্রুটিং এজেন্সির নামে তারা ভিসা প্রসেসিং করছিল। ৬১টি পাসপোর্টসহ নরসিংদীর শংকর চন্দ্র দাসকে কানাডা পাঠানোর ভুয়া চুক্তিপত্র, জরুরিভিত্তিতে কম্বোডিয়ায় লোক নিয়োগ সংক্রান্ত লিফলেট প্রকাশ, বিদেশে চাকরির ১০টি ভুয়া চাহিদাপত্র এবং বিপুল পরিমাণ টাকা লেনদেনের নথিও এ সময় জব্দ করা হয়। অভিযুক্ত সৈয়দ রবিউল করিমকে আটক করে কোর্টে চালান দেওয়া হয় এবং আড়াই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মালামাল জব্দের সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন শাহীনুর রহমান ও এইচ আর ফারুকী।